ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় ইতালিতে বাঁধনের করা মামলা পরিচালনার জন্য মিলানের বাংলাদেশ কনস্যুলেট সব ধরনের সহযোগিতা করেছে। বাঁধন ইতালিতে যতদিন অবস্থান করবেন তাকে সব ধরনের সহায়তা করা হবে।
৯ সেপ্টেম্বর বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাঁধনের ওপর হামলার ঘটনায় ভিসা প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলতে পারে কিনা-জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশিরা যখন বিদেশে থাকেন, তখন তাদের ওই দেশের নিয়ম-কানুন, নীতি-রীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীরা যখন আমেরিকায় যান, লন্ডনে যান, তখন তাদের সেই দেশের নিয়ম-কানুনই মেনে চলতে হয়, খুবই সাধারণ বিষয়।
তিনি বলেন, ইতালির ভেনিসে যেটা ঘটেছে, সেটা অত্যন্ত জঘন্য একটি ঘটনা। এখানে আমি নির্দিষ্ট করে বলতে চাই যে, আমাদের মিলানের কনস্যুলেট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে বাঁধনের সঙ্গে দেখা করেছেন এবং যে মামলাটি ওখানে দায়ের হয়েছে, সেই মামলাটি পরিচালনা বা সহায়তার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আমাদের কনস্যুলেট ও রাষ্ট্রদূতসহ সকলে সব ধরনের সহযোগিতা করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, যতদিন ওখানে বাঁধন অবস্থান করবেন এই সহযোগিতা তারা করে যাবেন। আমরা অবশ্যই এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। এই ব্যাপারগুলো যখন বিভিন্ন দেশে ঘটে, তখন কিন্তু আমাদের বাংলাদেশকে ছোট করা হয়। সবচেয়ে বড় কথা হলো, আমরা যেকোনো ধরনের সহিংসতার ও অরাজকতার বিরুদ্ধে।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু এই ঘটনা নয়, পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো ঘটনা ঘটুক না কেন; এমনকি বাংলাদেশেও যদি এ ধরনের কোনো ন্যক্কারজনক ঘটনা ঘটে আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তভাবে সামাল দেবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available