• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩১:৫৬ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

পরিবেশ ধ্বংস করে কোনো শিল্পকারখানা নয়: পরিবেশমন্ত্রী

১১ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৩:৩১

পরিবেশ ধ্বংস করে কোনো শিল্পকারখানা নয়: পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়ন প্রয়োজন হলেও পরিবেশের ক্ষতি করে কোনো শিল্পকারখানা স্থাপন করা যাবে না। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কার্যকর মোকাবিলায় এর উৎস বা কারণগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

১১ জুলাই শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি নিয়ে বেশি আলোচনা হলেও এর মূল উৎস নিয়ে তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়া হয়। উৎপত্তিস্থলগুলো সঠিকভাবে শনাক্ত করা না গেলে কার্যকর ও টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে না।

বাংলাদেশকে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের উন্নয়ন ও অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। এ কারণে বর্তমান সরকার পরিবেশ, বন ও জলবায়ু সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

মন্ত্রী বলেন, দায়িত্বে থাকা পর্যন্ত পরিবেশ সুরক্ষাকে দেশের উন্নয়নের মূলধারায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে উৎপাদন ও শিল্পায়ন বাড়ানো প্রয়োজন। তবে শিল্পায়নের নামে পরিবেশ ধ্বংস বা বিপন্ন করার সুযোগ নেই। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রেখেই এগোতে হবে।

সেমিনারে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবিদ ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অংশ নেন। তারা পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৩
কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৩
১১ জুলাই ২০২৬ দুপুর ০২:০২:১৬



Follow Us