• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ সকাল ০৯:০০:৫২ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর

৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:০১

অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এর ফলে বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে বন্দর ভবনের ৪ নম্বর গেটে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বন্দরের ভেতরে যানবাহন চলাচলও ছিল প্রায় শূন্য।

Ad
Ad

সরেজমিনে জানা গেছে, সকাল ৮টা থেকে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙর (আউটার লাইটারেজ) সব জায়গায় পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম বন্দর কার্যত অচল অবস্থায় পড়েছে।

Ad

উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় বন্দর ভবনের সম্মেলন কক্ষে প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে নিয়ে জরুরি সভা আহ্বান করে। তবে আন্দোলনকারীরা ওই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। তিনি জানান, এনসিটি ইজারা বন্ধের পাশাপাশি তাদের আরও তিনটি দাবি রয়েছে, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ সব ধরনের আইনি হয়রানি বন্ধ।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, ‘সকাল ৮টা থেকে বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’

তিনি অভিযোগ করে বলেন, শ্রমিক নেতাদের হয়রানি করা হচ্ছে। ‘গতকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমাদের নেতাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের দুই নেতা শামসু মিয়া টুকু ও আবুল কালাম আজাদকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তুলে নেওয়া হয়েছে। ভয় দেখিয়ে এই আন্দোলন দমন করা যাবে না।’

পরিষদের আরেক সমন্বয়ক মো. হুমায়ুন কবির জানান, ‘গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন আট ঘণ্টা করে এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মবিরতি পালন করা হয়েছিল। নৌ উপদেষ্টার আশ্বাসে শুক্রবার ও শনিবার কর্মসূচি স্থগিত রাখা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম বলেন, ‘বন্দরের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় সতর্ক রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
১ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৩:৩৭


Follow Us