• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৫৩:৩১ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের শেষ চালান

২৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:১৪

রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের শেষ চালান
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন পূর্ণাঙ্গ উৎপাদনের প্রস্তুতির দিকে আরও এক ধাপ এগোল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

২৭ নভেম্বর শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী লরিগুলো প্রকল্পে নেওয়া হয়।

এর আগে গত ২৪ নভেম্বর ইউরেনিয়ামের অষ্টম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে রাশিয়া থেকে নির্ধারিত নয়টি চালানে পারমাণবিক জ্বালানি পরিবহনের কার্যক্রম শেষ হলো।

আরও পড়ুন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

এদিকে, জ্বালানির শেষ চালান পৌঁছানোর পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা সরবরাহ করে কেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করার কথা জানানো হয়।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। ওই দিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি পুরো জাতির জন্য আনন্দের সংবাদ। দীর্ঘ অপেক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ের জটিল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

আরও পড়ুন

শনিবার থেকে সব কারখানা চালু হওয়ার প্রত্যাশা শ্রমমন্ত্রীর

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে কার্যক্রমের বিভিন্ন দিক পরীক্ষা করা হবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটে ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ সময় রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রাথমিক হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম শুরু হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
২৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৪:৫৩