• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৫০:১১ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণ আফ্রিকায় সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সরকার

২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৭:৫৫

দক্ষিণ আফ্রিকায় সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সরকার
ফাইল ছবি

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে সরকার। এ ক্ষেত্রে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

২৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান মন্ত্রী।

আরও পড়ুন

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।

পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণীয়। দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ আশা প্রকাশ করে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতার উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করবে।

আরও পড়ুন

থানায় আগুন দেওয়ার অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেফতার

এসময় মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সারাদেশে যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশে যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৭:১৫






কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫১:১২