অনলাইন ডেস্ক: আজ ২১ জুন, বছরের দীর্ঘতম দিন। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের দেশগুলোতে আজ সূর্য সবচেয়ে বেশি সময় আকাশে অবস্থান করবে, ফলে দিনের দৈর্ঘ্য হবে বছরের অন্য যেকোনো দিনের তুলনায় বেশি এবং রাত হবে সবচেয়ে ছোট।
জ্যোতির্বিজ্ঞানে এ ঘটনাকে গ্রীষ্মকালীন অয়নান্ত (সামার সলস্টিস) বলা হয়। প্রতি বছর ২১ জুন পৃথিবীর অক্ষীয় ঝোঁকের কারণে এ ঘটনা ঘটে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ দিনের আলো প্রায় ১৩ ঘণ্টা স্থায়ী হবে।
বিশেষজ্ঞদের মতে, পৃথিবী তার অক্ষের ওপর প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করে। বছরের এ সময়ে উত্তর মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘ সময় সূর্যালোক পৌঁছে এবং দিন বড় হয়। বিপরীতে দক্ষিণ গোলার্ধে আজ বছরের দীর্ঘতম রাত ও সবচেয়ে ছোট দিন, যা তাদের শীতকালীন অয়নান্তের সূচনা নির্দেশ করে।
অন্যদিকে আগামী ডিসেম্বরের শীতকালীন অয়নান্তে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য হবে বছরের সবচেয়ে কম।
বিশ্বের বিভিন্ন দেশে গ্রীষ্মকালীন অয়নান্ত উপলক্ষে নানা উৎসব ও আয়োজনেরও প্রচলন রয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যের প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ স্টোনহেঞ্জে প্রতিবছর হাজারো মানুষ সূর্যোদয় দেখতে সমবেত হন। প্রাচীন প্যাগান ও ড্রুইড সংস্কৃতির অনুসারীদের কাছে দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রীষ্মকালীন অয়নান্ত উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতুর আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available