• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪২:৩৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

পদোন্নতি না পেয়ে স্বেচ্ছা অবসরের আবেদন সিআইডি প্রধানের

৫ জুন ২০২৬ সকাল ০৮:২১:২৬

পদোন্নতি না পেয়ে স্বেচ্ছা অবসরের আবেদন সিআইডি প্রধানের

ডেস্ক রিপোর্ট: অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি না পাওয়ার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলী আকবর খান স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং প্রি-রিটায়ারমেন্ট লিভ (পিআরএল) মঞ্জুরের আবেদন করেছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পুলিশ সদরদপ্তর।

৪ জুন বৃহস্পতিবার পুলিশের পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়। তবে পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় আলী আকবর খানের নাম না থাকায় তার ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই তিনি পিআরএলের আবেদন করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আলী আকবর খান বলেন, ‘এটি একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে চাই না।’

অন্যদিকে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

গত ১ জুন পুলিশ সদরদপ্তরের এক আদেশে আলী আকবর খানকে সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে তাকে ঘিরে পুরোনো একটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। ২০০৬ সালের এপ্রিলে চট্টগ্রাম স্টেডিয়ামে দায়িত্ব পালনকালে এক জ্যেষ্ঠ ফটোসাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সে সময় ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

জানা গেছে, আলী আকবর খানের স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ৭ ফেব্রুয়ারি ২০০৯ সালে তিনি বাংলাদেশ পুলিশের প্রথম সদস্য হিসেবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হন এবং ৭ এপ্রিল ২০২২ সালে চাকরিচ্যুত হন। প্রায় ১৬ বছর চাকরির বাইরে থাকার পর ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে তিনি পুনর্বহাল হন।

আবেদনে তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে তৎকালীন সরকারের পতনের পর তিনি চাকরিতে ফেরার সুযোগ পান। এজন্য তিনি নিহত ও আহত ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ১৫ নভেম্বর ১৯৯৫ সালে চাকরিতে যোগদানের পর থেকে সততা, দক্ষতা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন।

তিনি আরও উল্লেখ করেন, ৪ জুন ২০২৬ তারিখে জারি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদোন্নতির প্রজ্ঞাপনে তার নাম না থাকায় তিনি মনে করছেন, কোনো জানা বা অজানা কারণে তিনি আবারও বৈষম্যের শিকার হয়েছেন। এ অবস্থায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে চান।

আবেদনে তিনি আগামী ২ জুলাই ২০২৬ থেকে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর এবং ওই তারিখ থেকে এক বছরের পিআরএল মঞ্জুরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন জানান।

একই দিন সিআইডির বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ এ এম হুমায়ুন কবীরের স্বাক্ষরিত এক পত্রে আলী আকবর খানের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us