আন্তর্জাতিক ডেস্ক: সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে বড় ব্যবধানে জয় পেয়েছে। ১৩ মে বুধবার অনুষ্ঠিত এ ভোটে বিজয়ের পক্ষে ভোট পড়েছে ১৪৪টি, বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ২২ জন বিধায়ক। এছাড়া পাঁচজন ভোটদানে বিরত ছিলেন।
২৩৪ সদস্যের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। গত ৪ মে নির্বাচনের ফলাফলে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেলেও আস্থা ভোটে কংগ্রেস, বামফ্রন্ট, ভিসিকে এবং মুসলিম লীগের সমর্থন পান তিনি। পাশাপাশি আম্মা মক্কাল মুন্নেত্র কাজগামের একমাত্র বিধায়কও তাকে সমর্থন দেন।


ভোটের সময় প্রধান বিরোধী দল দ্রাবিড়া মুন্নেত্র কাজাগাম (ডিএমকে)-এর ৫৯ জন বিধায়ক অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন। অন্যদিকে বিজেপি ও পিএমকের বিধায়করা নিরপেক্ষ অবস্থান নেন।

আস্থা ভোটে জয় পাওয়ার পর প্রতিক্রিয়ায় বিজয় বলেন, সিনেমা থেকে রাজনীতিতে তার যাত্রা আজ পূর্ণতা পেল। তিনি বলেন, ‘হুইসেল আজ ইতিহাস বদলে দিয়েছে।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ভোটে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্র কাজাগাম (এআইএডিএমকে)-এর অভ্যন্তরীণ বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর থেকেই দলটি নেতৃত্ব সংকটে ভুগছিল, যা এবার আরও প্রকট হয়েছে বলে মনে করছেন তারা।
এদিকে, বিজয়ের দপ্তরে জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্টিভেলকে রাজনৈতিক দায়িত্বে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সমালোচনা তৈরি হলে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তার সরকার।
আন্তর্জাতিক ও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও বিজয়ের আস্থা ভোটে জয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available