• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:০৫:৪৫ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

২৫ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:২৩

ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখন পর্যন্ত ৯৭১ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার।

২৫ জুন বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা বিবেচনায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকারী দল এখনো ধ্বংসস্তূপে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ডেলসি রদ্রিগেজ জানান, প্রধান দুটি ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৩০টি আফটারশক অনুভূত হয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উদ্ধার তৎপরতা জোরদার করতে জাতিসংঘের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ২০ কোটি মার্কিন ডলারের একটি প্রাথমিক তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বেসরকারি খাতকেও উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি সরবরাহের আহ্বান জানান।

দেশবাসীর উদ্দেশে রদ্রিগেজ বলেন, জনগণকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। যেসব ভবন নিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব ভবনের বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করার পরামর্শও দেন তিনি।

এ ছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে একটি জাতীয় প্রার্থনার আয়োজন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২৪ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে অঞ্চলের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমার এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

বিশ্লেষকদের মতে, এটি ভেনেজুয়েলার গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি, যা দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২০










Follow Us