• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৫:১২ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশের স্বাস্থ্য খাতে ৭৩ হাজারের বেশি পদ শূন্য

৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:১১

দেশের স্বাস্থ্য খাতে ৭৩ হাজারের বেশি পদ শূন্য
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের সরকারি স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনাকারী তিনটি প্রধান সংস্থায় জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মোট ২ লাখ ৩৪ হাজার ২৪টি অনুমোদিত পদের মধ্যে ৭৩ হাজার ৪৫টি পদ শূন্য। অর্থাৎ মোট পদের ৩১ দশমিক ২১ শতাংশই খালি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন এই তিন সংস্থা সরকারি হাসপাতাল পরিচালনা, টিকাদান, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকটে বিশেষ করে গ্রামীণ সরকারি হাসপাতাল ও মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এতে কম আয়ের অনেক মানুষকে বেশি খরচে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত সংস্থাটির ১ লাখ ২৭ হাজার ১০১টি অনুমোদিত পদের ৩৬ শতাংশ শূন্য ছিল। প্রথম থেকে নবম গ্রেডের চিকিৎসক ও দন্ত চিকিৎসকদের প্রায় ২৪ শতাংশ পদ খালি। চলতি বছরের শুরুতে বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার ২০০ চিকিৎসক ও দন্ত চিকিৎসক নিয়োগের পরও ঘাটতি রয়ে গেছে।

১১ থেকে ১৬তম গ্রেডে জনবল সংকট আরও বেশি। এ পর্যায়ে থাকা স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও মেডিকেল টেকনোলজিস্টদের এক-তৃতীয়াংশের বেশি পদ শূন্য। ফলে টিকাদান, স্বাস্থ্যশিক্ষা ও রোগ নির্ণয়ের মতো মাঠপর্যায়ের সেবায় চাপ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী আখিল উদ্দিন বলেন, নিয়ম অনুযায়ী একজন স্বাস্থ্য সহকারীর একটি ওয়ার্ডে কাজ করার কথা থাকলেও জনবল সংকটে অনেককে একাধিক ওয়ার্ডের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে স্বাস্থ্যশিক্ষাসহ কিছু সেবা যথাযথভাবে দেওয়া সম্ভব হচ্ছে না।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৭ শতাংশ পদও শূন্য। এতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরামর্শ এবং কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংস্থাটির প্রথম থেকে নবম গ্রেডের মা ও শিশু কল্যাণকেন্দ্রের চিকিৎসকদের অর্ধেকের বেশি পদ খালি। ১১ থেকে ১৬তম গ্রেডেও ৩৭ শতাংশ পদ শূন্য।

বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার বলেন, পরিবার কল্যাণ সহকারীর ২৩ হাজার ৫০০ পদের মধ্যে প্রায় ৮ হাজার ৫০০টি শূন্য। ফলে কর্মরতদের ওপর বাড়তি দায়িত্ব পড়ছে এবং নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, তিন সংস্থার মধ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে শূন্য পদের হার সবচেয়ে কম—১৩ শতাংশ। তবে প্রয়োজনের তুলনায় দেশে নার্সের সংখ্যাও কম। সরকারি তথ্যে, সরাসরি স্বাস্থ্যসেবা দেওয়া নার্সদের ৪৭ হাজার ৫৭৮টি পদের ১০ শতাংশ শূন্য। আর ৩ হাজার ৫১৪টি মিডওয়াইফ পদের ২৮ শতাংশ খালি।

দেশে চিকিৎসক ও নার্সের অনুপাত প্রায় ১:১ হলেও আন্তর্জাতিকভাবে একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্সের মানদণ্ড অনুসরণ করা হয়। ফলে কর্মরত নার্সদের ওপর কাজের চাপ বেশি।

শূন্য পদ পূরণে উদ্যোগ

শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশনার পর গত ২০ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব সিভিল সার্জন এবং সরকারি হাসপাতালের পরিচালক ও তত্ত্বাবধায়কদের জরুরি পদক্ষেপ নিতে বলেছে। বিশেষ করে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদ পূরণে উদ্যোগ নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, শূন্য পদ দ্রুত পূরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা জানান, সরকারি হাসপাতালে ১৫ হাজার নতুন নার্সিং পদ সৃষ্টির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া মিডওয়াইফদের জন্য ৯৭৪টি পদ সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৫৯৮ জন নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এবং আরও ৩৪২টি পদের নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহফুজা খানম জানান, ১ হাজার ২৮ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগের প্রক্রিয়া আইনি জটিলতায় তিন বছরের বেশি সময় আটকে ছিল। সম্প্রতি মামলা নিষ্পত্তি হওয়ায় শিগগিরই মৌখিক পরীক্ষা শুরু হবে।

এছাড়া ৭ হাজার জনবল নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এর মধ্যে ৬ হাজার ২২৩টি পদ পরিবার কল্যাণ সহকারীর।

সূত্র: ডেইলি স্টার

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নেই বিদ্যুতের সংযোগ ও মিটার, তবুও এলো বিল!
নেই বিদ্যুতের সংযোগ ও মিটার, তবুও এলো বিল!
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:০৭




সাপ্তাহিক ২ দিন ছুটিতে নগদে চাকরির সুযোগ
সাপ্তাহিক ২ দিন ছুটিতে নগদে চাকরির সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৩:০০


২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৬