স্পোর্টস ডেস্ক: ইউরোপসেরার মুকুট ধরে রাখল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ফরাসি জায়ান্টরা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ সমতায় থাকায় ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে পিএসজি।
ফাইনালে শুরুটা দারুণ করেছিল আর্সেনাল। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন কাই হাভার্টজ। প্রায় এক ঘণ্টা পর্যন্ত সেই লিড ধরে রাখে ইংলিশ ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান উসমান দেম্বেলে।
অতিরিক্ত সময়েও দুই দল আর কোনো গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। পিএসজির হয়ে সফলভাবে গোল করেন গনসালো রামোস, আশরাফ হাকিমি ও লুকাস বেরালদোরা। আর্সেনালের হয়ে গোল পেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যর্থ হন এবেরেচি এজে এবং গ্যাব্রিয়েল মাগালহায়েস। গ্যাব্রিয়েলের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে শিরোপা নিশ্চিত হয় পিএসজির।
এর ফলে ২০০৬ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও ইউরোপের সেরা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারল না আর্সেনাল। অন্যদিকে, কোচ লুইস এনরিকের অধীনে টানা দ্বিতীয়বার ইউরোপসেরা হয়ে ইতিহাসে নাম লেখাল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ যুগে (১৯৯২ সালের পর) রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুই মৌসুম শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছে তারা।
সূত্র: এএফপি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available