• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪৭:২০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

জলবায়ু পরিবর্তনজনিত বাস্ত্যুচুতি, ক্ষয়ক্ষতি ও অনিশ্চিত ভবিষ্যৎ

৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২২

জলবায়ু পরিবর্তনজনিত বাস্ত্যুচুতি, ক্ষয়ক্ষতি ও অনিশ্চিত ভবিষ্যৎ

ডেস্ক রিপোর্ট: একটি সময় ছিলো যখন জলবায়ু পরিবর্তন এবং এই পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি অনেক দূরের বিষয় ছিলো। কোথায় কোন মেরু অঞ্চলে লক্ষ বছরের জমে থাকা বরফ গলতে শুরু করেছে অথবা হিমালয় শীর্ষের বরফ ইঞ্চি ইঞ্চি করে গলে যাচ্ছে ইত্যাদি বিষয়কে তত্ত্ববিদদের পণ্ডিত সুলভ বকবকানি মনে হতো। কিন্তু বর্তমান অবস্থা অন্যরকম। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ধাক্কা আমাদের দেশসহ পৃথিবীর প্রতিটি মানুষের গায়ে কমবেশি লাগতে শুরু করেছে।

তবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিদিনই বেড়ে চলছে। আমাদের দেশের নাতিশীতোষ্ণ আবহাওয়া বদলে গিয়ে ক্রমশ চরমভাবাপন্ন আবহাওয়ায় রূপান্তরিত হচ্ছে। ষড়ঋতুর দেশ এখন চার ঋতুর দেশে পরিণত হতে যাচ্ছে। আইলা, সিডর ইত্যাদি ঝড় জলোচ্ছ্বাস, তীব্র গরম অথবা ঠান্ডা, অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টি ইত্যাদির আঘাতে দেশের প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত।

ক্ষয়ক্ষতির বৈশ্বিক প্রেক্ষাপট: অতিসম্প্রতি হিমালয়ের বরফ ধ্বসের কারণে তিব্বত ও নেপালের ভূমিধস, বন্যা, জনপদ ধ্বংসের বিভীষিকা ও বিপুল জীবনহানি বিশ্ববাসীর সাথে আমাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। মাত্র দুই দিন আগে বিজ্ঞানীরা জানিয়েছে হিমালয় পর্বতের ২০০টি হ্রদে ফাটল ধরেছে। এই হ্রদগুলোকে টাইম বোমার সাথে তুলনা করে বলা হয়েছে -- এগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে। তাতে তিব্বত, নেপাল, ভারত,বাংলাদেশ, ভূটানের মতো দেশগুলোতে নরক নেমে আসতে পারে।

আরও পড়ুন

আজ জাতীয় বন্যপ্রাণী দিবস

১৯৯৫ সাল থেকে ২০২৪ সালের মধ্যে পৃথিবীতে ৯৭০০টি জলবায়ু পরিবর্তনজনিত

দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৮ লাখ ৩২ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৪.৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে । ২০২৫ সালে জলবায়ুজনিত কারণে সারাবিশ্বে বিমাকৃত অর্থনৈতিক ক্ষতি ছিলো ১০৮ বিলিয়ন ডলার এবং মোট ক্ষতি ছিলো ২২৪ বিলিয়ন ডলার। ২০২৫ সালে চরম তাপের কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতির পরিমাণ কমবেশি ১.০৭ ট্রিলিয়ন ডলার।

ক্ষয়ক্ষতির দেশীয় অবস্থা: বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা, নদীর ভাঙন, তাপপ্রবাহ ইত্যাদি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ক্লাইমেট রিস্ক ইনডেক্স জানিয়েছে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। জলবায়ুজনিত ক্ষতির ক্ষেত্রগুলো হচ্ছে –

আরও পড়ুন

জলবায়ু সংকট মানবজাতির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

১. আবাসিক ক্ষতি-২০২৪ সালে ২৪ লাখ মানুষ দুর্যোগজনিত কারণে বাস্তুচ্যুত হয়েছে যার ৯৯.৮৮ প্রাকৃতিক দুর্যোগে। এই সংখ্যা ২০২৩ সালে ছিলো ১৮ লাখ। ২০২১ সাল থেকে লক্ষ্য করলে দেখা যায় প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগজনিত বাস্তুচ্যুতির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বিশ্বব্যাংকের গ্রাউন্ডস ওয়েলের আপডেটেড প্রতিবেদন অনুযায়ী ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ১৯.৯ মিলিয়ন মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসী হবেন। এখন বাস্তুচ্যুত মানুষের প্রধান অংশ ঢাকায় আসে। গণমাধ্যমের ভাষায় "প্রতিদিন ২০০০ জন আসছেন"।

২. জীবিকার ক্ষতি-- ফসল নষ্ট হওয়া: অনিয়মিত বৃষ্টি, খরা, বন্যা, লবণাক্ততা, অতিরিক্ত তাপপ্রবাহ ইত্যাদি কারণে শস্য, সবজি ইত্যাদির ফলন কমে যাচ্ছে।
• জমির উর্বরতা নষ্ট: লবণাক্ততার আগ্রাসনে জমির উর্বরতা নষ্ট হচ্ছে।
• কৃষির খরচ বৃদ্ধি: খরার সময় সেচের খরচ বৃদ্ধি, পোকামাকড় ও রোগ বেড়ে যাওয়ায় কীটনাশক, সারের খরচ বৃদ্ধি।
• মাছ কমে যাওয়া: নদী ও জলাধারের পানির তাপমাত্রা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, খরায় জলাধার শুকিয়ে যাওয়া, বন্যায় জলাধার ভেসে যাওয়ায় মাছ কমে যাচ্ছে।
• গবাদিপশুর মৃত্যু : তীব্র গরম, নতুন রোগবালাই-র আবির্ভাব, খাদ্যের অভাব, বন্যার কারণে গবাদিপশুর মৃত্যু বেড়ে যাচ্ছে।
• শ্রমজীবী ও দিনমজুরদের কাজ কমে যাচ্ছে: তীব্র গরম, খরা, অতিবৃষ্টির কারণে শ্রম দেওয়ার সামর্থ্য এবং সুযোগ দুটোই কমে যাচ্ছে।
- বাস্তুচ্যুতির কারণে পেশা পরিবর্তন করতে হচ্ছে। ফলে অদক্ষ শ্রমিক হিসাবে আয় কমে যাচ্ছে।
৩. নারীর উপর অতিরিক্ত চাপ-- গৃহকর্মের জন্য পানি, জ্বালানি ইত্যাদি সংগ্রহের জন্য নারীর উপরে বাড়তি চাপ তৈরি হয়। বাস্তুচ্যুতি, অনিরাপদ বাসস্থানের কারণে নারীর উপর যৌন নিপীড়ন ও নিরাপত্তাহীনতাজনিত হুমকি বেড়ে যায়। নারীর প্রজনন স্বাস্থ্য ভঙ্গুর হয়ে পড়ে।
৪. স্বাস্থ্যের ক্ষতি- তাপজনিত অসুস্থতা, পানিবাহিত রোগ, মশা- মাছি-পোকামাকড় বাহিত রোগ, শ্বাসতন্ত্রীয় রোগ, চর্মরোগ, অপুষ্টি, সাপ ইত্যাদির কামড়, পানিতে ডুবা, মানসিক স্বাস্থ্যের অবনতি ও মানসিক রোগ, নারীর প্রজননতন্ত্রীয় রোগ ইত্যাদি বেড়ে যায়।
৫. শিক্ষার ক্ষতি -- বাস্তুচ্যুতির কারণে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা বেড়ে যায়। শিশুকিশোরদের শিক্ষাজীবন প্রবল ঝুঁকির মধ্যে পড়ে।

সত্যিকার অর্থে জলবায়ুজনিত ক্ষতির কেবল মাত্র একটি অংশ দৃষ্টিগোচর হয়, অধিকাংশ অংশই হিসাব, পরিসংখ্যান বা গণনায় আসে না। অনেকটা সমুদ্রের পানিতে ভাসমান বরফ খণ্ডের মতো যার বারো ভাগের একভাগ কেবল দৃশ্যমান হয় বাকি এগারো ভাগ পানির ভিতরে নিমজ্জিত থেকে যায়।

আরও পড়ুন

আজ বিশ্ব পরিবেশ দিবস

জলবায়ু পরিবর্তনজনিত অন্যায্যতা:

জলবায়ু পরিবর্তনের জন্য যারা সবচেয়ে কমদায়ী তারাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদেরকেই বেশি ভুগতে হচ্ছে। শিল্প বিপ্লবের সময় থেকে কার্বন নিঃসরণের অধিকাংশ এসেছে শিল্পোন্নত ধনী দেশ থেকে। কিন্তু এর ফলে বাংলাদেশসহ এশিয়ার বেশকিছু দেশ, আফ্রিকার বিশাল অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো বিপদে আছে এবং মহাবিপদে নিপতিত হতে যাচ্ছে।

এই অন্যায্যতা কার্বন অতিনিঃসরণকারী দেশের সাথে কার্বন অতিকমনিঃসরণকারী দেশের মধ্যে বিরাজমান। অন্যদিকে শহরবাসী ও গ্রামবাসীর মধ্যেও একটি অন্যায্যতা রয়েছে। শহরের উঁচু আয়ের মানুষ যারা সুরম্য দালান ও বহুতল ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসা/কক্ষে থাকেন তাদের এবং রাস্তায় গাড়িবিহীন চলাচলকারী, রিকশাচালক, নানাভাবে রোজগেরে মানুষের মধ্যে একটি অন্যায্যতা বিরাজ করে। আমাদের দেশে জলবায়ুজনিত অন্যায্যতার সর্বব্যাপী শিকার হয় দুর্যোগা ক্রান্ত নারী ও কিশোরীগণ। এখনকার তরুণ এবং নবীন প্রজন্ম যারা জলবায়ু পরিবর্তনে বিন্দুমাত্র ভূমিকা রাখে নাই তাদেরকেই কিন্তু সবচেয়ে ভুগতে হচ্ছে।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষে ঢাকা

উৎকণ্ঠা:

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির কারণে উদ্ভূত পরিস্থিতিতে মানুষের মনে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়। একে ‘জলবায়ু উৎকণ্ঠা’ বলে। তরুণদের মধ্যে এই উৎকণ্ঠার প্রভাব অনেক বেশি। বাংলাদেশ, গুয়াতেমালা ও নাইজেরিয়ার ১২ থেকে ২৫ বছর বয়েসীদের নিয়ে করা গবেষণায় দেখা গিয়েছে -- জলবায়ু পরিবর্তন তাদের প্রাপ্তবয়স্ক হয়ে উঠার পথে জটিল প্রভাব ফেলছে। এদের অনেকের মধ্যে অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ, হতাশা এবং অসহায়ত্বের অনুভূতি একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দি ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে-- বন্যাপ্রবণ এলাকার কিশোর-কিশোরীরা, বিশেষ করে বাংলাদেশের বরিশালের মতো অঞ্চলের যারা, উদ্বেগ ও বিষণ্নতায় তারাই বেশি ভোগে। তরুণদের এই অনুভূতিকে ক্লাইমেট গ্রিফ বলে। বিপদ জনক বিষয় হচ্ছে এই ক্লাইমেট গ্রিফ প্রতিটি তরুণ বা তরুণীকে "একাকী বহন" করতে হয়।

সবকিছু বিবেচনায় নিয়ে আমাদের সুপারিশ হচ্ছে:

আরও পড়ুন

অবৈধ ইটভাটাকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

ক. বৈশ্বিক পর্যায়ে: আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুত ক্ষতি ও ক্ষয়ক্ষতি তহবিল যা সাধারণভাবে জলবায়ু তহবিল নামে পরিচিত প্রথমত ক্ষতিগ্রস্ত দেশ এবং পরে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট পৌঁছায় তার ব্যবস্থা করা। এজন্য দেশের প্রশাসনব্যবস্থার যোগ্যতা বৃদ্ধি করতে হবে। এর আগে আমরা দেখেছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সঠিক তথ্য ও কাঠামোভিত্তিক পরিকল্পনা পেশ করতে না পারায় জলবায়ু তহবিলের টাকা বাংলাদেশ যথাযথ ভাবে পায়নি।

খ. দেশীয় ক্ষেত্রে: 
১.অভিযোজনকে অগ্রাধিকার দিয়ে বন্যা সহনশীল ঘরবাড়ি, লবণাক্ততা সহনশীল ফসল, জলবায়ু সুরক্ষা ফান্ড তৈরি করার কার্যক্রমকে অগ্রাধিকার প্রদান করা।
২. জলবায়ু পরিবর্তনকে দেশীয় উন্নয়নের মূলনীতির নির্ধারিত হিসাবে গ্রহণ করা।
৩. জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির দুষ্টচক্র ভাঙার বিষয়কে রাষ্ট্রীয় গুরুত্ব প্রদান করা। স্কুলে কাউন্সেলিং, কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি করা।
৪. জলবায়ু পরিবর্তনরোধী এবং দুর্যোগ মোকাবেলার মতো কার্যক্রমে তরুণদের পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের সাথে যুক্ত করা।
৫. জলবায়ুজনিত স্বাস্থ্যক্ষতির বিষয়টিকে গুরুত্ব দিয়ে জাতীয় স্বাস্থ্যসেবা কার্যক্রমকে নতুনভাবে বিন্যস্ত করা।
৬. জাতীয় উন্নয়ন ভাবনাকে মানব উন্নয়ন কেন্দ্রিক করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে "ডিগ্রোথ" ধারণার প্রয়োগ করা।
শেষ কথা হচ্ছে -- জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা সাহায্য চাই না, জবাবদিহিতা চাই, আমরা আমাদের যৌক্তিক হিস্যা চাই।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২