আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে সোনার দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে।
১৪ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৭ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে জুন মাসের সরবরাহের জন্য সোনার ফিউচার মূল্যও শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৩ দশমিক ৮০ ডলারে।


বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদ বা ইল্ড কিছুটা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ বাড়ে।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপর্যায়ের আলোচনায় কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষায় রয়েছেন। এ কারণে সোনার বাজারে বর্তমানে এক ধরনের স্থিতিশীলতা দেখা যাচ্ছে।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও ভারতে সোনার চাহিদা নিম্নমুখী রয়েছে। আমদানি শুল্ক বৃদ্ধির কারণে দেশটিতে সোনার দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন। রয়টার্স জানিয়েছে, চাহিদা কমে যাওয়ায় ডিলাররা লোকসান কমাতে আউন্সপ্রতি সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত ছাড়ে সোনা বিক্রি করছেন।
এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর দামে কিছুটা পতন দেখা গেছে। রুপার দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৮৭ দশমিক ৩৩ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমেছে।
বাংলাদেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available