ডেস্ক রিপোর্ট: টানা কয়েক দিনের সংঘর্ষ, অবরোধ ও উত্তেজনার পর গোপালগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সড়ক-মহাসড়কে বেড়েছে যানবাহন চলাচল। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ।
২১ নভেম্বর শনিবার সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গোপালগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। এতে রেলপথে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পোহাচ্ছেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
এদিকে, গোপালগঞ্জে দুষ্কৃতিকারীদের মোকাবিলায় শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ পুলিশকে সহযোগিতা করলে পরিস্থিতি আরও ভালো হবে।
২০ নভেম্বর শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। আগামীতে পরিস্থিতি আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ জন্য শান্তিপ্রিয় সাধারণ মানুষকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান তিনি।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি নিরাপত্তা রক্ষায় মোতায়েন রয়েছেন আট প্লাটুন আনসার সদস্য।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available