কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় র্যাব-১১ এর অভিযানে কোতয়ালী মডেল থানা এলাকা হতে ৮,৩১৮ পিস সিম’সহ বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
২২ এপ্রিল বুধবার দুপুরে র্যাব-১১, সিপিসি-২ কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার এলাকায় অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. আবু সাঈদ চৌধুরী নামক একজন অবৈধ ভিওআইপি ব্যবসায়ী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। এ সময় আসামীর বাসা হতে ৮,৩১৮ পিস মোবাইল সিম, ২টি সিম বক্স, ২টি মনিটর, ২টি সিপিইউ, ২টি রাউটার, ১টি ল্যাপটপ, ১টি পিসি ও ২টি কি-বোর্ড উদ্ধার করা হয়।


পলাতক আসামী মো. আবু সাঈদ চৌধুরী (৩৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাপ্তান বাজার এলাকার আব্দুল মতিন চৌধুরী এর ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পলাতক আসামী অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন যাবত বিটিআরসি হতে লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি ও স্থাপনা তৈরি করতঃ অবৈধভাবে টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনা করে আসছে। পলাতক আসামী সফটওয়্যার ভিত্তিক সুইস এর মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করে অবৈধভাবে আন্তর্জাতিক কল রাউট করতঃ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির মাধ্যমে টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের কর ও রাজস্ব ফাঁকি দিয়ে যান্ত্রিক, ভার্চুয়াল এবং সফটওয়্যার ভিত্তিক কৌশল অবলম্বন করে অবৈধভাবে পেমেন্ট ও রিচার্জ সেবা প্রদান করে আসছিল।
র্যাব আরো জানায়,অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available