সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিভিন্ন সময় জব্দ করা ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা নীলডুমুর ব্যাটালিয়ন।
২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসানের উপস্থিতিতে ধ্বংস কার্যক্রম করা হয়।
তিনি বলেন, ২০০৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪১ জনকে আটক এবং ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকা ৫৫০ মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা।
এর মধ্যে ৪০৬ বোতল বিভিন্ন ধরনের মদ, ১৫ হাজার ৭৮ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ১৮ হাজার ৬শ ৫৪ পিস ইয়াবা, ৭৫ হাজার ৭শ ৬৬ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৩ দশমিক ৮১ কেজি গাঁজা, ২১ লাখ ৭৬ হাজার ২শ ৫৭ পিস বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ, ১ হাজার ৪শ ৭০ পাতা সুখি বড়ি, ১৫ হাজার ৭শ ৪৬ পিস মাদকজাতীয় ট্যাবলেট, ১ কেজি হেরোইন, ৮ বোতল (১০০ এমএল) এলএসডি, ৬ বোতল (৫০ এমএল) এলএসডি এবং ২ দশমিক ৪শ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।
তিনি আরও বলেন, মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে বিজিবির সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা উল্লেখ করে বলেন, এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ জরুরি। তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার, জেলা প্রশাসনের প্রতিনিধি, র্যাব-৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, বন বিভাগ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available