নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী স্থানে বিরাট বিপদ এড়াতে সক্ষম হয়েছেন ৬৫ বছর বয়সী দিনমজুর এনামুল হক। তিনি উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কলার মোচা ব্যবহার করে পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামিয়ে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন।
২৩ মার্চ সোমবার ঈদের তৃতীয় দিন সকালে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, পূর্ব চণ্ডীপুর গ্রামের এনামুল হক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রায় এক ফুট রেলপথ ভাঙা দেখতে পান। দ্রুত তিনি স্থানীয়দের ডেকে রেলওয়ে অফিসে খবর দেন। এরপর পাশের কলাবাগান থেকে কলার মোচা ভেঙে এনে রেললাইনে দাঁড়িয়ে ‘লাল পতাকা’ ভঙ্গি দেখান। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ট্রেনটি নিরাপদ দূরত্বে থেমে যায়, ফলে কয়েকশ যাত্রী প্রাণে রক্ষা পান।

ঘটনার পর গ্রামের একরামুল হকের ছেলে শাহিনুর রেলওয়ে অফিসে ফোন করে বিষয়টি জানান। ৩০ মিনিটের মধ্যে রেলওয়ের প্রকৌশলী ও শ্রমিকরা এসে ভাঙা রেললাইন মেরামত করেন এবং বিকল্প ব্যবস্থা নেয়ার মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ফুলবাড়ী স্টেশনমাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ৬টায় রেললাইন ভাঙার খবর পাওয়া মাত্র দ্রুত মেরামত কার্যক্রম শুরু করা হয় এবং আধা ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এ ঘটনায় এনামুল হকের সতর্কতা ও উপস্থিত বুদ্ধি শতাধিক যাত্রীকে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available