চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পাসপোর্ট অফিসে দুর্নীতি, দালালের দৌরাত্ম্য ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে ঝটিকা অভিযান চালিয়েছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রধান হিসাবরক্ষক উত্তম কুমার সাহার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে বলে জানান তিনি।
টাকা ছাড়া পাসপোর্ট মেলে না, দালাল ছাড়া হয় না সমস্যার সমাধান—এমন অভিযোগ ভুক্তভোগীদের।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুর পাসপোর্ট অফিসে অভিযান চালান সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় পাসপোর্ট করতে আসা মানুষের বক্তব্য শোনেন তিনি।
অভিযোগকারীদের দাবি, অফিসের সামনের কয়েকটি কম্পিউটার দোকানকে কেন্দ্র করে দালালচক্র সক্রিয় রয়েছে। দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে নানা অজুহাতে হয়রানি করা হয়। এ সময় অফিসের সামনে থেকে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রধান হিসাবরক্ষক উত্তম কুমার সাহাকেও সতর্ক করেন সংসদ সদস্য।
পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য। তবে এ বিষয়ে পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. মাহবুবুর রহমান ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available