ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকের অভিযোগ এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
১ অক্টোবর বৃহস্পতিবার থেকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকে জেলার বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুরে আটকে গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। বর্তমানে সংগঠনটির তিনটি বাস তাদের কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আবু মঈন চৌধুরী সোহেল জানান, বিরোধ নিরসনে একাধিকবার বৈঠক হলেও সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এ সময় জেলার কোনো সড়কে গণপরিবহন চলাচল করবে না বলেও জানান তিনি।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মৌলভীবাজারের এসএমএস পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে বাস চলাচলে বাধা, শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।
গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ জি কে গউছের নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য ও প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।
তবে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছালে সেগুলো আটক করা হয়। এর প্রতিবাদেই বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে সংগঠনটি।
এদিকে, ধর্মঘটের আগে মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
সূত্র: চ্যানেল২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available