ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এর মধ্যে শব্দদূষণ কমাতে নীরব (সাইলেন্ট) এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করা, প্রয়োজনীয় সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
১৯ জুলাই রোববার ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।
কালবেলার প্রতিবেদন থেকে জানা যায়, সভায় ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় ট্রাফিক কর্মকর্তারা বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানের বিষয়ও তুলে ধরেন।
তাদের বক্তব্য শোনার পর ডিএমপি কমিশনার কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরবাসীকে আরও উন্নত, মানসম্মত ও জনবান্ধব ট্রাফিকসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, শব্দদূষণ শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি। তাই নীরব এলাকায় সুস্পষ্ট সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে হবে।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available