জামালপুর প্রতিনিধি: জামালপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নায়েব আলীকে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
২৪ জুন বুধবার বিকেলে শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত।
তিনি জানান, গত ২৩ জুন মধ্যরাতে ইসলামপুর উপজেলার ডেফলা ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে লাগেজবন্দি অবস্থায় অটোচালক নায়েব আলীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মেলান্দহ উপজেলা থেকে মামলার মূল পরিকল্পনাকারী নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদুল স্বীকার করেন, মাত্র ১০ হাজার টাকার প্রয়োজন মেটাতে তারা অটোরিকশা চুরির পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে চালক নায়েব আলীকে হত্যা করা হয়। পরে ছিনতাই করা অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ খুলে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।
পরে পিবিআইয়ের পৃথক অভিযানে চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় বিক্রি করা অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার পংকজ দত্ত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available