• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৩৬:৫৪ (23-Jul-2026)
  • - ৩৩° সে:

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২৩ জুলাই ২০২৬ সকাল ১১:২৩:৪৬

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে মারামারিতে রফিক (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

২২ জুলাই বুধবার রাত ১১টার দিকে নগরীর শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

নিহতের স্বজনদের অভিযোগ, রফিক মাকসুদ পরিবহনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার সময় তার অটোরিকশায় এক নারী যাত্রী ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সামান্য সংঘর্ষ হলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকার চালক রফিককে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এতে তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার গেরাখালী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এদিকে, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকায়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘অটোরিকশাচালক নিহতের ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us