ডেস্ক রিপোর্ট: শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির করা হলে প্রধান আসামি সোহেল রানা বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, ‘আমার একটা ছোট ছাওয়াল আছে, আমাকে মাফ করে দেন।’
৩ জুন বুধবার সকালে ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে হাজির করা হয়। শুনানির শুরুতে বিচারক সাক্ষীদের দেওয়া জবানবন্দি আসামিদের পড়ে শোনান।
পরে তাদের কোনো বক্তব্য আছে কি না জানতে চাইলে সোহেল রানা বলেন, ‘আমার একটা ছাওয়াল আছে, আমাকে মাফ করে দেন। আমার সঙ্গে ছিল ডলার। ওকে কেউ দেখে নাই স্যার। ওরে ধরেন স্যার। আমার পাপের শাস্তি আমারে দেন। আরেকটা কথা, আমার বউ নির্দোষ।’
এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘আপনারটা আপনি বলেন।’ এরপর সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেন।
অপরদিকে তার স্ত্রী স্বপ্না খাতুনও আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘স্যার, আমি নির্দোষ। আমি কিছু করিনি।’
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্যের আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে আগামীকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেন। এরপর মামলার রায় ঘোষণার প্রক্রিয়া শুরু হবে।
এর আগে মঙ্গলবার একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করেন ট্রাইব্যুনাল। মামলায় রামিসার বাবা, মা, বোন এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। আত্মপক্ষ সমর্থনের পর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করবেন।
গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available