কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস চুরি করে নিয়ে গিয়ে সেটি কেটে টুকরো টুকরো করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
চুরি হওয়া বাসটি ‘জুনায়েদ পরিবহন’ নামে পরিচিত (ঢাকা মেট্রো-জ-১৪-০৫২৬)। গত ১২ মার্চ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চালক সবুজ কালামপুর মাটিকাটা এলাকার ডালাস গার্মেন্টসের সামনে বাসটি রেখে পাশের একটি দোকানে চা খেতে যান। এ সময় একটি সংঘবদ্ধ চোরচক্র বাসটি চুরি করে বগুড়া শহরের মাটিডালি এলাকায় নিয়ে যায়।


এ ঘটনায় বাসটির মালিক জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে ৩ এপ্রিল শুক্রবার গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে নাঈম (৩৮)-কে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে এমদাদুল (৩৫) এবং নয়ারহাট এলাকা থেকে সবুজ (২৮)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে এমদাদুলের স্বীকারোক্তির ভিত্তিতে বগুড়ার মাটিডালি এলাকা থেকে রবিন ওরফে কাটার রবিন (২৩), পারভেজ (৩০) ও তুষার (২২)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চক্রের মূল হোতা ল্যাংড়া এমদাদুল বাসটি সবুজ ও নাঈমের মাধ্যমে বগুড়ায় নিয়ে যায়। পরে পারভেজ, রবিন ও তুষার বাসটি কেটে টুকরো টুকরো করে আশুলিয়া থানাধীন মজার মিল এলাকায় আলী হোসেনের ভাঙারি দোকানে সাদ্দামের কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে সাদ্দামকেও গ্রেফতার করা হয়েছে।
এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি একটি সংঘবদ্ধ চোরচক্র। তারা আশুলিয়া, সাভার, ধামরাই ও টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় যানবাহন চুরি করে থাকে।’
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ‘চক্রটি আগেও একাধিক এমন অপরাধে জড়িত। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available