চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ৩১৭০ পিস ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মো. আলীম (৩২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়।

এছাড়া অপর অভিযানে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৫০ বোতল এস্কাফ ডিএক্স সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় TensiwIN ট্যাবলেট জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available