• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১২:০০ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জ থেকে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ পর্যটন মন্ত্রীর

৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০১:৩০

দেওয়ানগঞ্জ থেকে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ পর্যটন মন্ত্রীর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে প্রশাসনকে কঠোর ও প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

৫ শনিবার সকাল ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, “দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মাদক একেবারে নির্মূল করতে হবে। মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি বলেন, মাদক নির্মূল করা না গেলে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আর সুস্থ সমাজ ছাড়া একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনও অসম্ভব। তাই মাদকবিরোধী কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে দেশে যে বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে, তা বিগত সরকারের পরিকল্পনাহীন কার্যক্রমের ফল। তবে বর্তমান সরকার এসব সংকট নিরসনে কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

এ সময় বর্তমান সরকারের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ