• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫৪:৪২ (31-Aug-2026)
  • - ৩৩° সে:

দেড় বছরের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা!

৩১ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৪:৩৪

দেড় বছরের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা!
“ছবি: সংগৃহীত”

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য মো. মুসা নামে দেড় বছরের এক শিশুকে এক লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে তার বাবা মো. মারুফ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মারুফ পেশায় কাঠমিস্ত্রি। তার মা মাহফুজা সাংবাদিকদের জানান, প্রায় চার বছর আগে মারুফ ঢাকার সাভার থেকে বৃষ্টি নামে এক তরুণীকে বিয়ে করে বাড়িতে ফেরেন। প্রায় আড়াই বছর পর তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়।

সম্প্রতি কয়েক মাস ধরে মারুফের সঙ্গে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। প্রায় এক মাস আগে বৃষ্টি শিশুসন্তানকে রেখে বাবার বাড়ি চলে যান। এরপর মারুফও ছেলে মুসাকে দাদির কাছে রেখে ঢাকায় চলে যান।

মাহফুজা জানান, ঢাকায় কিছুদিন থাকার পর গত ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় মারুফ বাড়িতে ফেরেন। পরদিন সকালে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ছেলে মুসাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। যাওয়ার আগে ছেলেকে সাজিয়ে দিতে মাকে অনুরোধ করেন তিনি।

এরপর দীর্ঘ সময় পার হলেও মারুফ ও মুসা বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মোবাইল ফোনে মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বজনদের জানান, উপজেলার আলীপুরা ইউনিয়নের রমানাথ সেন গ্রামের ইমরান নামে এক ব্যক্তির কাছে এক লাখ টাকায় মুসাকে দিয়ে দিয়েছেন। ওই টাকা দিয়ে একটি আইফোন কেনার কথাও তিনি স্বজনদের জানান।

অন্যদিকে শিশুটিকে নিয়ে যাওয়া ইমরান জানান, তার শ্বশুরের পাঁচ মেয়ে থাকলেও কোনো ছেলে নেই। এ কারণে লিখিতভাবে তিনি মারুফের কাছ থেকে মুসাকে নিয়েছেন।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘মারুফ ও ইমরান একসঙ্গে কাজ করেন। সেই সুবাদে বাচ্চাটি ইমরানকে দিয়েছেন। টাকা-পয়সা নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।’

ওসি আরও জানান, শিশুটি গলাচিপা উপজেলার চরকাজলে রয়েছে। তাকে উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। তবে টাকা নিয়ে মারুফ আইফোন কিনেছেন কি না, সে বিষয়েও পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পে স্কেল মন্ত্রিসভায় উঠছে আজ
পে স্কেল মন্ত্রিসভায় উঠছে আজ
৩১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৩:৪৪