• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৫:০১ (19-Aug-2026)
  • - ৩৩° সে:

বিজিবির সহয়তায় আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন

১৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১৫

বিজিবির সহয়তায় আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক ২৪ জেলে ও মাঝিমাল্লাকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৯ আগস্ট বুধবার দুপুরে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটসংলগ্ন সীমান্ত এলাকায় আরাকান আর্মি ট্রলারে করে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে বিজিবি তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে। ফেরত আসা ২৪ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ছয়জন রোহিঙ্গা। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বুধবার দুপুরে টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে এসব জেলে আটক হন। তাদের বিজিবির প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরাকান আর্মির হাতে প্রায় ৯ মাস জিম্মি থাকার পর দেশে ফিরেছেন শাহপরীর দ্বীপ ডাংগরপাড়ার মো. রাসেল। তিনি জানান, পাঁচ মাঝিমাল্লা নিয়ে সেন্ট মার্টিনের পূর্বে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যান।

রাসেল বলেন, ‘প্রায় ৯ মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো।

প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারা দিনের জন্য দেওয়া হতো একবেলা ভাত।’

তিনি আরও বলেন, ‘৯ মাস মানবেতর জীবন কাটিয়েছি। অবশেষে দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দেশে এসে বিজিবির কাছ থেকে ৯ মাস পর ভালোভাবে খাবার পেয়েছি। সেখানে রোহিঙ্গাসহ আরও অর্ধশতাধিক জেলে আটকা রয়েছেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ