অনলাইন ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে আসার পথে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন।
৩১ জুলাই শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা উদ্ধার হওয়া ১৮ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে তারা বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকাটি ডুবে যায়।
স্থানীয় জেলে মো. ইসমাইল জানান, নৌকাটিতে ৩১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৩ জন এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা দাবি করেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা আগে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে অবস্থান করলেও পরে মিয়ানমারে গিয়েছিলেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তারা আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টেকনাফ বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, উদ্ধার হওয়া ১৮ জন বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তারা কী কারণে বাংলাদেশে এসেছেন, তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে প্রায় সাড়ে ১২ লাখ নিবন্ধিত রোহিঙ্গা অবস্থান করছেন। তাদের মধ্যে ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available