স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. শামস কিবরিয়া প্রধানের অবসর উপলক্ষে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে বিদ্যালয় মাঠে তৈরি হয় উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।
১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে উপহার হিসেবে একটি হোন্ডা এসপি ১২৫ মোটরসাইকেল প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোমেনুর রহমান প্রধান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্যাইয়েদ নুর-ই-আলম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহজেবিন মনসুরসহ অনেকে।
আলোচনা সভা শেষে অতিথিরা বিদায়ী প্রধান শিক্ষকের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন। পরে বিদ্যালয় মাঠে লাল গালিচা বিছিয়ে তাকে মোটরসাইকেলে বসানো হয় এবং শিক্ষকরা সেটি ঠেলে মূল সড়ক পর্যন্ত নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা হাততালি দিয়ে তাকে বিদায় জানায়। পরবর্তীতে তাকে মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এই দৃশ্য দেখে অনেক সাবেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদ্যালয় চত্বরে তৈরি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ।
বিদায়ী প্রধান শিক্ষক শামস কিবরিয়া প্রধান বলেন, ‘আমি জীবনের দীর্ঘ সময় এই বিদ্যালয়ের জন্য দিয়েছি। আজকের এই সম্মান আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি দায়িত্ব ও ভালোবাসার জায়গা।’
তিনি আরও বলেন, বিদ্যালয়টি তার কাছে সন্তানের মতো। অবসরে গেলেও এ প্রতিষ্ঠানের প্রতি তার দোয়া ও ভালোবাসা থাকবে।
দশম শ্রেণির শিক্ষার্থী লাবণ্য জানায়, স্যার শুধু পড়াশোনা নয়, শৃঙ্খলা ও ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। তার বিদায়ে আমরা খুব কষ্ট পেয়েছি।
সাবেক শিক্ষার্থী রইসুন নাহার বলেন, শামস কিবরিয়া স্যারই এই বিদ্যালয়ের ভিত্তি গড়েছেন। তার হাত ধরেই অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষায় এগিয়ে গেছে। আজকের আয়োজন তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহজেবিন মনসুর বলেন, শামস কিবরিয়া প্রধান শুধু প্রধান শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের প্রাণ। তার দীর্ঘ ৩২ বছরের নিষ্ঠা ও নেতৃত্বে বিদ্যালয়টি একটি মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, একজন শিক্ষক জাতি গঠনের কারিগর। আজকের আয়োজন প্রমাণ করে, দায়িত্বশীল শিক্ষককে মানুষ আজীবন স্মরণে রাখে।
জানা গেছে, শামস কিবরিয়া প্রধান ১৯৯৩ সালে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ৩২ বছর দায়িত্ব পালনের পর গত বছর ৮ মার্চ অবসরে যান। তার নেতৃত্বে বিদ্যালয়টি এলাকায় একটি সুপরিচিত ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়।
এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক ইয়ারজান ও সোনালী আক্তারও পড়াশোনা করেছেন বলে জানা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available