• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২৯:৪৮ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবির থেকে বহিষ্কারের চিঠি প্রকাশের পর মুখ খুললেন আম্মার

১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫২:১৫

শিবির থেকে বহিষ্কারের চিঠি প্রকাশের পর মুখ খুললেন আম্মার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ‘সাথী’ পদ থেকে বহিষ্কারের বিষয়ে সংগঠনটির আনা অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো প্রমাণ শিবির দিতে পারেনি।

৩০ সেপ্টেম্বর বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন আম্মার। এর আগে একই দিন রাবি শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক আহমেদ মুন্সীর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আম্মারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে শিবিরের তিনটি চিঠির বরাতে তার সাথী পদ স্থগিত ও বাতিলের তথ্য সামনে আসে।

শিবিরের চিঠিতে আম্মারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পদ বাণিজ্য, নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ মেলামেশা, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদ তছরুপসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগকে ‘অ্যালিগেশন’ বা অভিযোগমাত্র উল্লেখ করে আম্মার বলেন, তিনি যে কাজ করেননি, সেটি না করার প্রমাণ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগও অস্বীকার করেন তিনি।

অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আম্মার দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীর স্থানীয় শিক্ষার্থীদের একটি কমিটির সঙ্গে তার নাম জড়ানো হলেও ওই কমিটি গঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

নিজের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগের বিষয়েও ব্যাখ্যা দেন রাকসু জিএস। তার দাবি, জুলাই-সংক্রান্ত একটি কনসার্ট আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের কাছে অর্থসহায়তার প্রস্তাব নিয়ে যোগাযোগ করেছিলেন তিনি। পরে ওই প্রস্তাবকে চাঁদা চাওয়ার চিঠি হিসেবে প্রচার করা হয় বলে দাবি তার।

শিবিরের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে আম্মার বলেন, সংগঠনটির সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ছিল। তবে তার বিরুদ্ধে বর্তমানে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর কোনোটির সঙ্গেই তিনি জড়িত নন বলে দাবি করেন।

ফাঁস হওয়া চিঠি নিয়েও প্রশ্ন তুলেছেন আম্মার। তার দাবি, চিঠিগুলো শিবিরের নিজেদের নথি এবং সংগঠনটি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

অন্যদিকে, রাবি শিবিরের বর্তমান সেক্রেটারি মেহেদী হাসান জানিয়েছেন, আম্মারকে ২০২৫ সালেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বহিষ্কার করা হয়। তার দাবি, সাংগঠনিক অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে জিএস নির্বাচিত হন সালাউদ্দিন আম্মার। ওই প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব পরে রাবি শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন। আম্মারের শিবির-সংশ্লিষ্টতার বিষয়টি প্রকাশ্যে আসার পর প্যানেলটি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: কালবেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাংলাদেশকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তান
১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫২:৪৪




দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৪:৪১