মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্বামীর পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী হাসনা বেগম (৩৬) পলাতক রয়েছেন।
৮ অক্টোবর বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল দক্ষিণ ধল্লা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে। তাঁর স্ত্রী হাসনা বেগম লালমনিরহাটের হাতীবান্ধা থানার দইখাওয়া এলাকার মো. বারেকের মেয়ে। প্রায় দেড় যুগ আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন সন্দেহ দীর্ঘদিন ধরে করে আসছিলেন হাসনা। এ নিয়ে বৃহস্পতিবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসনা ধারালো ছুরি দিয়ে রাশেদুলের পেটে আঘাত করেন।
ছুরিকাঘাতে রাশেদুল গুরুতর আহত হন। তাঁর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে অটোরিকশায় করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর হাসনা ব্যবহৃত মোবাইল ফোনটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হাসনা পলাতক। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের বিষয়েও তদন্ত চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available