• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৩৯:৩৯ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী

১৫ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৭:৪০

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী

ডেস্ক রিপোর্ট: ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে পাঁচ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি পুলিশ, ডিবি, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি করছেন। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট।

১৪ আগস্ট শুক্রবার বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর টহল শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া টহল জেলা শহর অতিক্রম করে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।

প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতেই এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘গোপালগঞ্জ শান্তির জেলা। গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। আগামীকালও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করছি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।’

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার থেকেই বিজিবির টহল শুরু হয়েছে।

এদিকে ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নজরদারি অব্যাহত রয়েছে।

সূত্র: সময়ের আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ