জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বাবুল মিয়া (২৫) নামে এক বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৩ জুলাই বৃহস্পতিবার ভোরে উপজেলার পোল্লাকান্দি, সবুজপুর ও বাসেতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়।
অভিযানকালে পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীর থেকে তিনটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একই সময়ে সবুজপুর এলাকায় জিঞ্জিরাম নদীর তীর থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে বাসেতপুর এলাকা থেকে অবৈধ বালু ব্যবসায়ী বাবুল মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার বাসেতপুর ঝালরচর এলাকার সোনা মিয়ার ছেলে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available