• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৪:১২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৭

নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

নওগাঁ প্রতিনিধি: সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো সিআইডির এসপি, আবার কখনো জেলা প্রশাসক (ডিসি) পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাঈম হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৩ জুন বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পাঠানো এক বার্তায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে ২ জুন মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বগুড়ার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৩৮টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আটক নাঈম হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২৫ মে এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীর কাছে ফোন করেন। তিনি দাবি করেন, ওই ব্যবসায়ীর ওষুধ সেবন করে এক শিশুর মৃত্যু হয়েছে এবং মামলা এড়াতে পাঁচ লাখ টাকা দিতে হবে। মামলা-মোকদ্দমার ভয়ে ওই ব্যবসায়ী প্রতারকের নগদ অ্যাকাউন্টে ২০ হাজার ৩০০ টাকা পাঠান।

এ ছাড়া গত ৩০ মে একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন করেন। তিনি অভিযোগ করেন, ওই দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন পরিচালিত হয় এবং মামলা থেকে রেহাই পেতে ৪০ হাজার টাকা দাবি করেন।

এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে নাঈম হোসেনকে শনাক্ত ও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us