নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পৃথক দুটি মামলায় এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন এবং এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মার্চ মঙ্গলবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এই রায় ঘোষণা করেন।


মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

গত ৩ জানুয়ারি ২০১৮ তারিখ ভোররাতে শাহানারা বেগম নামাজরত অবস্থায় থাকাকালে স্বামী গোলাম সারোয়ার পেছন থেকে গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যান। এই ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং: নারী ৩৮০/১৮)। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। এই মামলায় নিহতের ছেলে সাইমুন নিজ বাবার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রদান করে।
এদিকে, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় এক ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. বরকত উল্লাহ নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছে একই আদালত। দণ্ডপ্রাপ্ত বরকত উল্লাহ ওই এলাকার পাটোয়ারী বাড়ির রহমত উল্লাহর ছেলে। ঘটনাটি ঘটেছিল ৮ মার্চ ২০২০ তারিখে। ভুক্তভোগী শিশুর ভাই মো. ইয়ামিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) খ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পিপি মো. সেলিম শাহীন রায়ের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, "সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এর মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পেয়েছে।"
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available