সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।


ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, সকল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জেলায় এখন পর্যন্ত কোনো সহিংসতা ঘটেনি। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আরও সতর্ক ও তৎপর থাকতে হবে।
তিনি জানান, এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের ৭৯৭টি ভোটকেন্দ্রে মোট ২১৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৮১টি মোবাইল পার্টি, ১৪টি স্ট্রাইকিং পার্টি ও ১১টি স্ট্যান্ডবাই পার্টি মোতায়েন থাকবে। সাতটি থানায় অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে দায়িত্ব তদারকি করা হবে।
পুলিশ সুপার আরও জানান, সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ ৪৫১টি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে। তিনি সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিএমপি ও এপিবিএন থেকে আগত পুলিশ সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available