• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫৫:০২ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

ক্রিকেটারদের মূল্যবান মালামালসহ ৮ লাগেজ উধাও

১৫ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৯:১৩

ক্রিকেটারদের মূল্যবান মালামালসহ ৮ লাগেজ উধাও

ডেস্ক রিপোর্ট: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ শেষে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের আটটি লাগেজ খোয়া গেছে। এসব লাগেজে ক্রিকেটারদের পাসপোর্ট, আইফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, পোশাক ও মূল্যবান ক্রীড়াসামগ্রী ছিল।

এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দলের ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন। খোয়া যাওয়া মালামাল উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে আকাশপথে রাজশাহী পৌঁছান দলের ক্রিকেটাররা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি কাভার্ডভ্যানে খেলোয়াড়দের ৫৪টি লাগেজ নিয়ে সড়কপথে রাজশাহীর উদ্দেশে রওনা দেওয়া হয়।

১৪ অক্টোবর বুধবার সকালে রাজশাহীর নির্ধারিত হোটেলে পৌঁছে লাগেজ খালাসের সময় আটটি ব্যাগের খোঁজ পাওয়া যায়নি। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়।

পুলিশ জানায়, কাভার্ডভ্যানের চালক সজীব হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে মঙ্গলবার রাতে নাটোরের হাটিকুমরুল-বনপাড়া বাইপাস সড়কের একটি হোটেলে রাতের খাবার খেতে বিরতি নেন তিনি। পরে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া এলাকার একটি ফিলিং স্টেশনে গাড়ি থামিয়ে তিনি দেখতে পান, কাভার্ডভ্যানের পেছনের দরজা খোলা। এরপর দরজা বন্ধ করে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হন। হোটেলে পৌঁছে লাগেজ গণনার সময় আটটি ব্যাগ খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ক্রিকেটার মেহেরাব হোসেনের লাগেজে তাঁর ব্যক্তিগত পাসপোর্ট, একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ ৩ লাখ টাকা, ব্যবহৃত পোশাক এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি সুগন্ধি ছিল।

এ ছাড়া ক্রিকেটার আব্দুল কাদেরের প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি বিশেষ ম্যাসাজ বেল্ট ও দুই জোড়া জুতা, পেসার মোহর শেখ অন্তরের ৩০ হাজার টাকা মূল্যের একটি স্পিকার এবং ক্রিকেটার মো. ওয়ালিদের পোশাকের ব্যাগ খোয়া গেছে। দলের যৌথ ব্যবহারের পোশাক ও ক্রীড়াসামগ্রী থাকা আরও চারটি বড় ব্যাগও নিখোঁজ রয়েছে।

আগামী ১৮ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দলের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে পাসপোর্টসহ ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র ও খেলার সরঞ্জাম হারিয়ে উদ্বেগে পড়েছেন ক্রিকেটাররা।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘মালামাল খোয়া যাওয়ার ঘটনায় পুরো দল অত্যন্ত বিব্রত ও মর্মাহত। অভিযোগ জানানোর পর থেকে পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে মালামাল উদ্ধারে কাজ করছে।’

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, কাভার্ডভ্যান থেকে মালামাল চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাটোর অথবা রাজশাহীর মহাসড়ক এলাকায় ঘটনাটি ঘটেছে। খোয়া যাওয়া লাগেজ উদ্ধারে প্রযুক্তির সহায়তায় দুই জেলার পুলিশ যৌথভাবে কাজ করছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
১৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৭:৩৭