স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন নন্দিনী শর্মা। দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া এবং অলরাউন্ডার রাধা যাদবকেও। হারমানপ্রীত কৌরের দলে জায়গা পেয়েছেন মোট ১৫ জন ক্রিকেটার। এই দলটিই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
গত ডব্লিউপিএলে দিল্লির হয়ে সবচেয়ে বেশি ১৭টি উইকেট নিয়েছিলেন নন্দিনী। সোফি ডিভাইনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। সেটারই পুরস্কার দেওয়া হয়েছে তাকে। চোটের কারণে জায়গা পাননি অলরাউন্ডার আমনজোত কৌর। তার জায়গায় দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলেছিলেন কাশ্বী গৌতম। তিনিও চোটে বাদ পড়েছেন। গৌতমের ডান হাঁটুতে অস্ত্রোপচার হবে। জায়গা হারিয়েছেন অনুষ্কা শর্মা এবং উমা ছেত্রী।


চোটের কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন ইয়াস্তিকা। গত বছরের আগস্টে ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর তার এসিএল অস্ত্রোপচার হয়। তিনি সর্বশেষ ২০২৪-এর এপ্রিলে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন।

নন্দিনী প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। নিখুঁত বোলিং এবং বৈচিত্রের কারণে দলে নেওয়া হয়েছে তাকে। গুজরাটের বিপক্ষে নিজের দ্বিতীয় ডব্লিউপিএল ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন নন্দিনী। পরে ভারত 'এ' দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলেছেন।
ভারতীয় দল : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিকা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণী, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, ইয়াস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available