গুচ্ছ ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১৯ মার্চ
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ মার্চ কলা, ২০ মার্চ বাণিজ্য এবং ২৭ মার্চ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন ও ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৯ মার্চ শুক্রবার কলা বিভাগের, ২০ মার্চ শনিবার বাণিজ্য বিভাগের এবং ২৭ মার্চ শনিবার বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।গুচ্ছ পদ্ধতিতে অভিন্ন ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ দেওয়া হয়। এবারও ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।ভর্তি পরীক্ষার আবেদন, পরীক্ষাকেন্দ্র, আসনবিন্যাস, ফল প্রকাশ এবং ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।সূত্র: দেশ রূপান্তর