• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:০৩:৫৪ (22-Aug-2026)
  • - ৩৩° সে:
চীনে টেসলাসহ ৯ কোম্পানির ৪৩ লাখ গাড়ি প্রত্যাহার

চীনে টেসলাসহ ৯ কোম্পানির ৪৩ লাখ গাড়ি প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে টেসলাসহ ৯টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের প্রায় ৪৩ লাখ গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চীন। এসব গাড়িতে জরুরি পরিস্থিতিতে দরজা খোলার ব্যবস্থা নিয়ে নিরাপত্তাজনিত ত্রুটি পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।চীনের বাজারে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র মূল্যযুদ্ধের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির ব্যবহার দ্রুত বাড়ছে। এর মধ্যেই গাড়ির নিরাপত্তা বিধিমালা আরও কঠোর করছে বেইজিং।চীন জানিয়েছে, ২০২৭ সাল থেকে গাড়িতে লুকানো দরজার হাতল নিষিদ্ধ করা হবে। টেসলার গাড়ির মাধ্যমে জনপ্রিয় হওয়া এবং দেশটির বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত এ ধরনের নকশা নতুন নিয়মের ফলে ধীরে ধীরে বাদ পড়বে।চীনের নিয়ন্ত্রক সংস্থা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনের (এসএএমআর) তথ্য অনুযায়ী, টেসলা প্রায় ২৯ লাখ ৮০ হাজার মডেল ৩, মডেল ওয়াই, মডেল এস ও মডেল এক্স গাড়ি প্রত্যাহার করবে। আমদানি করা ও চীনে তৈরি এসব গাড়ি ২৫ সেপ্টেম্বর থেকে প্রত্যাহার কার্যক্রমের আওতায় আসবে।নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সংঘর্ষ বা বৈদ্যুতিক ব্যবস্থা বিকল হওয়ার পর টেসলার কিছু গাড়িতে যান্ত্রিক জরুরি দরজার হাতল শনাক্ত করা কঠিন হতে পারে। এতে দুর্ঘটনার পর যাত্রীদের গাড়ি থেকে বের হওয়া বা উদ্ধারকারীদের ভেতরে প্রবেশে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।টেসলার পাশাপাশি শাওমি প্রায় ৩ লাখ ৯০ হাজার, লিপমোটর প্রায় ৩ লাখ ৭১ হাজার এবং এক্সপেং প্রায় ২ লাখ ৬৪ হাজার গাড়ি প্রত্যাহার করবে। জিলি হোল্ডিংসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানও তুলনামূলক কমসংখ্যক গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে দরজার হাতল শনাক্ত করার জন্য সতর্কতামূলক লেবেল লাগাবে। পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে দূর থেকে সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।লিপমোটর জানিয়েছে, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা সতর্কতামূলক লেবেল যুক্ত করার পাশাপাশি পাওয়ার উইন্ডোর নিয়ন্ত্রণব্যবস্থায় সফটওয়্যার হালনাগাদ করবে।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত অক্টোবরে একটি শাওমি এসইউ৭ সেডান দুর্ঘটনার পর আগুন ধরে গেলে চালক মারা যান। পথচারীরা গাড়িটির দরজা খুলে তাকে বের করতে পারেননি। এরপর জরুরি পরিস্থিতিতে লুকানো দরজার হাতল ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ে।গবেষণা প্রতিষ্ঠান অটোফোরকাস্ট সলিউশনের ভাইস প্রেসিডেন্ট স্যাম ফিওরানি বলেন, আধুনিক গাড়িতে দূর থেকে সফটওয়্যার হালনাগাদের সুবিধা থাকায় বড় ধরনের প্রত্যাহার কার্যক্রমের খরচ ও গাড়ি অচল থাকার সময় কমানো সম্ভব।এদিকে যুক্তরাষ্ট্রেও এ ধরনের দরজার হাতল নিয়ে উদ্বেগ রয়েছে। দেশটির ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন বিদ্যুৎ বিভ্রাটের সময় যাত্রী আটকা পড়ার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা মানদণ্ড বিবেচনা করছে। তবে শুক্রবার সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে একই ধরনের প্রত্যাহারের পরিকল্পনার কথা কোনো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তাদের জানায়নি।সূত্র: রয়টার্স