স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে স্টেডিয়ামে দর্শকদের জন্য পানির বোতল বহনের নিয়মে বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপের কোনো স্টেডিয়ামেই পুনঃব্যবহারযোগ্য (রিইউজেবল) পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না।
এর আগে ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে এক লিটার পর্যন্ত ধারণক্ষমতার খালি ও স্বচ্ছ প্লাস্টিকের পুনঃব্যবহারযোগ্য বোতল বহনের অনুমতি ছিল। তবে গত ২ জুন আচরণবিধি হালনাগাদ করে সেই সুবিধা বাতিল করা হয়েছে।
ফিফা ইতোমধ্যে টিকিটধারীদের নতুন নিয়ম সম্পর্কে অবহিত করেছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, কোনো ধরনের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অন্যান্য ধরনের বোতলের ওপরও নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
নতুন এই সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ দর্শকরা আর নিজেদের বোতল নিয়ে স্টেডিয়ামের ভেতরে থাকা পানির ফোয়ারা বা ডিসপেনসার থেকে পানি সংগ্রহ করতে পারবেন না।
বিশেষ করে গরম আবহাওয়ায় এই সিদ্ধান্ত দর্শকদের অতিরিক্ত খরচের মুখে ফেলতে পারে। গত বছরের ক্লাব বিশ্বকাপে স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানির দাম ছিল ৪ থেকে ৬ মার্কিন ডলার। যদিও ২০২৬ বিশ্বকাপে পানির মূল্য এখনো নির্ধারণ করা হয়নি, তবে ফিফার দীর্ঘদিনের অংশীদার দ্যা কোকাকোলা কোম্পানির ব্র্যান্ড দাসানি স্টেডিয়ামগুলোতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের আগে ফিফার এই সিদ্ধান্ত নিরাপত্তা ও দর্শকসেবার ভারসাম্য নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, সমর্থকদের প্রতিক্রিয়া এবং বাস্তবায়নের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে এ নীতিতে কোনো পরিবর্তন আসে কি না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available