• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৯:১৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

৭ জুন ২০২৬ দুপুর ০২:১৯:২৮

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসন ও শোষণ দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তবে গণতান্ত্রিক বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।

৭ জুন রোববার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে যথাযথ সম্মান জানাতে হবে। এজন্য একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, ‘শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের দক্ষ ও প্রস্তুত করে তুলতে না পারলে ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।’

তারেক রহমান বলেন, দেশের আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা দুই হাজারেরও বেশি এবং এসব প্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এছাড়া প্রতিষ্ঠার পর থেকে এক কোটিরও বেশি শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ের আওতায় উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সমস্যা ও সংকট দূর করা এবং শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।

বিশ্বব্যাপী প্রযুক্তিগত পরিবর্তনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশননির্ভর প্রযুক্তির ব্যাপক বিস্তার মানুষের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

তিনি বলেন, ‘অটোমেশন ও এআই প্রযুক্তির কারণে অনেক প্রচলিত পেশা ঝুঁকির মুখে পড়েছে বা বিলুপ্ত হয়েছে। তবে একই সঙ্গে নতুন নতুন খাতে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।’

এ সময় তিনি যুগোপযোগী শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যাতে দেশের তরুণ প্রজন্ম ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে সফলভাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us