আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন। ২৪ মে রোববার সকালে কোয়েটার চমন ফটকের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়েছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে বলে সিনহুয়াকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি যানবাহনও। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চমন ফটকের কাছে ট্রেনটি লক্ষ্য করে হামলা চালানো হয়।
তবে বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পাকিস্তান রেলওয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও একটি সহায়তাকারী ট্রেন পাঠানো হয়েছে। এপিপির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগি উল্টে যায়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং শুরু করে উদ্ধার অভিযান।
সূত্র: সিনহুয়া, ডন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available