আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। টাইমস অব ইসরায়েল, আল জাজিরা ও সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বাহিনীটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইসরায়েলের স্থানীয় সময় ৭ জুন রোববার রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তা জানা না গেলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে।
পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করে, ইরান উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে।
হামলার পরপরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়। পাশাপাশি নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থানের আহ্বান জানানো হয়।
এর আগে, ৬ জুন বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এতে চার শিশুসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে।
একই দিনে দক্ষিণ লেবাননেও পৃথক বিমান অভিযান চালানো হয়। বিভিন্ন সূত্রের দাবি, এতে লেবাননের সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলসহ কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছেন।
উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও আগ্রাসন ইসলামি প্রজাতন্ত্রী ইরান মেনে নেবে না। আজ রাতের হামলা সেই আগ্রাসনের জবাব।’
তিনি আরও বলেন, ‘এটি কেবল একটি সতর্কবার্তা। যদি আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে পরবর্তী প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে এবং এর জন্য সংশ্লিষ্টদের বড় মূল্য দিতে হবে।’
অন্যদিকে, ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভর এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ‘তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available