আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শেষ পর্যন্ত একটি সমঝোতা চুক্তি মেনে নিতেই হবে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুর সামনে অন্য কোনো বাস্তবসম্মত বিকল্প নেই।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তার (নেতানিয়াহুর) কোনো বিকল্প থাকবে না। সব সিদ্ধান্ত আমিই নিই। আমিই সিদ্ধান্তগুলোর নিয়ন্ত্রক। তিনি সিদ্ধান্ত নেন না।’
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পরও তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে নিজের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা বাড়লেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে ইরান এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে বৈরুতে হিজবুল্লাহর একটি ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
হামলার পর ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা থেকে বিরত থাকতে অনুরোধ জানাতে তিনি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করবেন। কারণ, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ট্রাম্প বলেন, ‘ইরানের এই হামলা আমাদের কূটনৈতিক প্রচেষ্টাকে প্রভাবিত করবে না। কী হয়, তা দেখা যাবে। তবে এসব হামলা চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে না।’
তিনি আরও দাবি করেন, হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি বলেও স্বীকার করেন তিনি।
একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে পারে।
তার ভাষায়, ‘চুক্তি না হলে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, আমরা সামরিকভাবে বাকি বিষয়গুলোরও সমাধান করতে পারি। দ্বিতীয়ত, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখা হবে। আমার মতে, এই অবরোধ দেশটির বিরুদ্ধে পরিচালিত যেকোনো সামরিক হামলার চেয়েও বেশি কার্যকর হয়েছে।’
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available