• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪২:০৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

৩ জুন ২০২৬ সকাল ০৮:৫১:৪৪

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। এ ঘটনায় কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার চেষ্টা হলেও কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

৩ জুন বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানায়, মাঝরাতে দেশটিতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করে।

বিবৃতিতে বলা হয়, ‘কুয়েতের অভ্যন্তরে কোনো স্থাপনায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানেনি। মাঝরাতে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার শব্দ।’

তবে কুয়েতের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বাহিনীটি কুয়েতের বিবৃতিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে দাবি করেছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

এর আগে গত ১ জুন কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সে সময় সেন্টকম দাবি করেছিল, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এদিকে প্রায় একই সময়ে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি বাহরাইনের কর্তৃপক্ষ।

মঙ্গলবার গভীর রাতে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানায়, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কেশম দ্বীপের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই প্রতিবেদনের কিছু সময় পর কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করে আইআরজিসি।

সূত্র: সিএনএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us