• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:৩৪:১৮ (24-May-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২০

২৪ মে ২০২৬ সকাল ১০:৩৩:২৪

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২০
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ২৩ মে শনিবার টায়ার শহরের উত্তরে আল-বাকবুক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আহত হন আরও দুজন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করলেও ধ্বংসস্তূপের নিচে আরও একজন নারীর মরদেহ আটকা পড়ে আছে বলে জানানো হয়েছে। চলমান হামলার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

নাবাতিয়া জেলার সিয়ের আল-গারবিয়া শহরে পৃথক এক বিমান হামলায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে আঘাত করা হয়। এতে অন্তত নয়জন নিহত এবং ছয়জন আহত হন। উদ্ধার অভিযান চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া রাশায়া আল-ওয়াদি জেলার আল-রাফিদ শহরে ভোরে চালানো আরেক হামলায় একটি বাড়িতে একজন নিহত ও একজন আহত হন। আল-শাহাবিয়া শহরে পৃথক হামলায়ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনএনএ।

টায়ার জেলার আল-হুশ শহরে ড্রোন হামলায় একজন নিহত হন। একই জেলার দেইর কানুন এন-নাহর শহরে রাতভর হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং চারজন নিহত হন।

এনএনএ আরও জানায়, শনিবার গভীর রাতে কাফার শহরে একটি সিভিল ডিফেন্স দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। দলটি পূর্ববর্তী হামলায় আহতদের উদ্ধার কাজ চালাচ্ছিল। এতে উদ্ধারকর্মীরাও আহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us