• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৫০:৪২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

তপুর জোড়া গোলে ইতিহাস গড়ল বাংলাদেশ

৬ জুন ২০২৬ সকাল ০৮:১৩:১৯

তপুর জোড়া গোলে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তপু বর্মণের জোড়া গোলে স্বাগতিক সান মারিনোকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। একই সঙ্গে জয় দিয়ে বাংলাদেশের কোচ হিসেবে যাত্রা শুরু করলেন টমাস ডুলি।

সেরাভাল্লের স্টেডিয়ামে ডুলির অধীনে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামে বাংলাদেশ। মাঝমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সোহেল রানার সমন্বয় শুরু থেকেই দারুণ ছন্দ এনে দেয়। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় ১৯তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাম প্রান্ত থেকে শেখ মোরসালিনের নিখুঁত ক্রসে হেড করে বল জালে জড়ান তপু বর্মণ। এতে এগিয়ে যায় বাংলাদেশ।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৩১তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফিলিপ্পো বেরার্দির পাস ধরে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করে সমতায় ফেরান স্বাগতিকদের ফরোয়ার্ড নিকোলাস জাকোপেত্তি।

সমতায় ফেরার পর ম্যাচে বাড়ে শারীরিক লড়াই। ৩৩তম মিনিটে ফাউলের দায়ে হলুদ কার্ড দেখেন দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফেরা ফরোয়ার্ড রফিকুল ইসলাম।

প্রথমার্ধের শেষ দিকে আবারও আক্রমণের ঝাঁজ বাড়ায় বাংলাদেশ। ৩৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সাদ উদ্দিন। ডি-বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বাকি সময়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে দ্বিতীয় গোলের খোঁজে মরিয়া ছিল বাংলাদেশ। তবে সান মারিনোর রক্ষণভাগ দৃঢ় থাকায় ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তনের মাধ্যমে আক্রমণে নতুন গতি আনার চেষ্টা করেন ডুলি। ৭৬তম মিনিটে সোহেল রানার পরিবর্তে মাঠে নামেন কাজেম শাহ কিরমানি।

ম্যাচের ৮৬তম মিনিটে আসে জয়সূচক গোল। হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিক বক্সে ভেসে এলে তা থেকে ভলিতে বল বাড়ান বিশ্বনাথ ঘোষ। সেখানে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তপু বর্মণ। গোলের পর জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকেরাও মেতে ওঠেন আনন্দে।

শেষ পর্যন্ত ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের শুরুর একাদশে যারা ছিলেন: মিতুল মারমা (গোলরক্ষক), ইসা ফয়সাল, তপু বর্মণ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), শেখ মোরসালিন, হামজা চৌধুরী, মোহাম্মদ সোহেল রানা, রফিকুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী ও সাদ উদ্দিন।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us