• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৭:৫৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, আটক ২

৯ জুন ২০২৬ দুপুর ০১:২১:৪৪

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, আটক ২

অনলাইন ডেস্ক: রাজধানীর মৌচাক এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও ব্যবসায়ী বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

৯ জুন মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন রিয়াজ ও আল আমিন। তবে তাদের বিস্তারিত পরিচয় ও হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখনই প্রকাশ করেনি পুলিশ।

ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ ও আল আমিনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।’

এর আগে ৮ জুন সোমবার রাত ৮টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে আনারকলি সুপার মার্কেটের পার্কিং এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অন্ধকারে ওত পেতে থাকা দুর্বৃত্তরা বিল্লাল হোসেনকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন। মগবাজার এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং তার ৬ সন্তান রয়েছে।

ঘটনার পর এখনো থানায় হত্যা মামলা দায়ের হয়নি। তবে নিহতের স্বজনরা জানিয়েছেন, মামলা করার প্রস্তুতি চলছে এবং আজকের মধ্যেই রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হতে পারে।

পুলিশ ধারণা করছে, ঘটনাটি রাজনৈতিক বিরোধ নাকি ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে, তা তদন্তের পর স্পষ্ট হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us